হৃদয় দিয়ে বুঝতে হবে রবীন্দ্রনাথকে

রবীন্দ্রপ্রয়াণ দিবসে বাংলা একাডেমি আয়োজন করেছিল একক বক্তৃতানুষ্ঠানের। সঙ্গে ছিল কবিতা আর গান।
গতকাল বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিশ্বকবির ৭৩তম প্রয়াণ দিবসে এ অনুষ্ঠানটি হয়। এতে ‘চিরঞ্জীব রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তৃতা দেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ‘পরিমাপহীন বিশালত্ব রবীন্দ্রনাথকে প্রাণিত করেছে মানবমনের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোণে আলো ফেলতে। মৃত্যুভাবনা তাঁকে কাতর করেনি, বরং তাঁর জীবনবোধকে পূর্ণতা দিয়েছে। মৃত্যুর প্রতীকে রবীন্দ্রনাথ অমৃতলোকে আবাহন করেছেন আমাদের সবাইকে।’

‘চিরঞ্জীব রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তৃতায় ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ মানুষকে বিবেকের বিনাশ থেকে রক্ষা করেন। মানুষ যখন স্বীয় লোভ বা ভয়ের বশবর্তী হয়ে বিবেক ও সততা বিসর্জন দিয়ে অকর্তব্য করে, তখন সে বিবেক-বিনাশের অপরাধে অপরাধী হয়ে পড়ে। মানুষ যাতে লোভ-ভয়-মোহ আর মিথ্যায় তলিয়ে অস্তিত্বহীন অমানুষ না হয়ে পড়ে, রবীন্দ্রনাথ সে শিক্ষা মানুষকে দিয়েছেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘জীবনের যাত্রাপথে অনেক প্রতিবন্ধকতা-সমালোচনা ও বিরুদ্ধতার সম্মুখীন হয়েছেন রবীন্দ্রনাথ, তবু অভয় জাগার আনন্দমন্ত্রে নিজে যেমন শুদ্ধ হয়েছেন, তেমনি আমাদের সবাইকে বৃহত্তর মঙ্গলালোকে প্রবেশের মন্ত্র দিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘প্রজ্ঞা নয়, হৃদয় দিয়ে বুঝতে হবে রবীন্দ্রনাথকে।’
অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথকে নিয়ে রচিত জার্মান বিজ্ঞানী জুলিয়াস হাক্সলির লেখা কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী ও আশরাফ মাহমুদ। বেদের শ্লোক, ‘দয়া করো হে ঈশ্বর’ কিংবা রবীন্দ্রনাথের ‘আকাশজুড়ে শুনিনু ওই বাজে’সহ গানগুলো যখন চলছিল, তখন তা যেন দর্শক-শ্রোতাদের মনজুড়ে ছড়িয়ে পড়ছিল।